
বয়সের সীমাবদ্ধতাকে উপেক্ষা করে ৯৯ বছর বয়সে উড়ন্ত বিমানের ডানায় দাঁড়িয়ে বিশেষ দুঃসাহসিক অভিযান ‘উইং ওয়াকিং’ সম্পন্ন করেছেন ইংল্যান্ডের হেলগা ডাফি। এই কীর্তির মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী উইং ওয়াকার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি।
হেলগা জানান, ৯৭ বছর বয়সী বেটি ব্রমজের উইং ওয়াকিংয়ের দৃশ্য দেখে তিনি অনুপ্রাণিত হন। এরপর আগের রেকর্ড ভেঙে নিজের নামে নতুন রেকর্ড গড়ার সিদ্ধান্ত নেন।
যুক্তরাজ্যের গ্লসস্টারশায়ারের রেনকম্ব এয়ারফিল্ডে এ দুঃসাহসিক অভিযান সম্পন্ন করেন হেলগা। ছোট একটি দুই ডানাবিশিষ্ট বিমানের ওপরের ডানায় নিরাপদে বেঁধে তাঁকে আকাশে ওড়ানো হয়। এমন অভিজ্ঞতাকে তিনি একই সঙ্গে অদ্ভুত ও রোমাঞ্চকর বলে বর্ণনা করেছেন।
হেলগার ভাষ্য, পুরো অভিযান চলাকালে তিনি একটুও ভয় পাননি। বরং আকাশে ওড়ার অভিজ্ঞতা তাঁকে দারুণ আনন্দ দিয়েছে।
সাত ভাইবোনের মধ্যে সবার বড় হেলগা মনে করেন, প্রয়াত বাবা বেঁচে থাকলে তাঁর এই সাফল্যে নিশ্চয়ই গর্বিত হতেন। সফলভাবে বিমানটি অবতরণের পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা তাঁকে আনুষ্ঠানিকভাবে রেকর্ড গড়ার সনদ দেন।
অর্থ সংগ্রহে দুঃসাহসিক অভিযানে
শুধু বিশ্বরেকর্ড গড়াই নয়, হেলগার এই উদ্যোগের পেছনে ছিল মানবিক উদ্দেশ্যও। অভিযানের মাধ্যমে তিনি ‘উইল্টশায়ার অ্যান্ড বাথ এয়ার অ্যাম্বুলেন্স’ দাতব্য সংস্থার জন্য ১ হাজার ৩০০ পাউন্ডের বেশি অর্থ সংগ্রহ করেছেন।
হেলগার দুই ভাগ্নি জ্যাকি রোজ ও জুলি প্রিস তাঁর এই অর্জনে আবেগাপ্লুত হয়েছেন। তাঁদের মতে, ৯৯ বছর বয়সেও তাঁদের খালা প্রমাণ করেছেন, মানসিকভাবে তিনি আগের মতোই স্বাধীনচেতা ও অদম্য।
তাঁদের মায়ের জীবনের শেষ সময়ে এয়ার অ্যাম্বুলেন্স সেবা প্রয়োজন হয়েছিল। সে কারণে এই সেবাদানকারী সংস্থার জন্য হেলগার তহবিল সংগ্রহের উদ্যোগ তাঁদের পরিবারের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।
হেলগার কাছে রেকর্ড হারানো ৯৭ বছর বয়সী বেটি ব্রমজও মজার ছলে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে নিজের রেকর্ড ফিরে পাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
বেটির পরিকল্পনা, ১০০ বছর বয়সে আবারও বিমানে উঠবেন এবং হেলগার রেকর্ড ভেঙে নিজের শিরোপা পুনরুদ্ধার করবেন।
জীবনের শেষ প্রান্তে এসেও নতুন অভিজ্ঞতা অর্জন, সাহসিকতা আর মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে হেলগা ডাফি দেখিয়েছেন, বয়স সব সময় স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় না। তাঁর এই অর্জন বিশ্বজুড়ে মানুষের জন্য অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।