
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরও ৭৫ জনের মরদেহ। দীর্ঘদিন ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা এসব মরদেহের জানাজা ও দাফনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গাজা সিটির দারাজ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে একসঙ্গে তাঁদের জানাজা পড়ানো ও দাফন করা হবে।
সংবাদমাধ্যম আলজাজিরাকে গাজার সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, উপত্যকায় এখনো ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রায় আট হাজার ফিলিস্তিনির মরদেহ পড়ে রয়েছে। উদ্ধারকাজে নানা সীমাবদ্ধতার কারণে এসব মরদেহ এখনো বের করা সম্ভব হয়নি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৭৪ হাজার ৪৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৭৫ হাজার ৪৯২ জন। তবে প্রকৃত হতাহতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলি হামলায় গাজার বিপুলসংখ্যক ভবন ধ্বংস হয়ে যাওয়ায় বাস্তুচ্যুত বহু মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছেন। উপত্যকার সীমান্তবর্তী অধিকাংশ এলাকা দখলে নেওয়ায় অনেক ফিলিস্তিনি সমুদ্র উপকূলবর্তী এলাকায় আশ্রয় নিয়েছেন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এতে উপত্যকাটিতে প্রাণহানি ও মানবিক সংকট আরও গভীর হচ্ছে।