
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা মাঝ আকাশে খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়েছে। পরে উড়োজাহাজটিতে থাকা অসুস্থ এক নারীকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
উড়োজাহাজে ছিলেন সাত আরোহী
যাত্রীতালিকা অনুযায়ী, মৃত নারীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতের নাগরিক। তাঁর সঙ্গে উড়োজাহাজে ছিলেন চিকিৎসক ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। তালিকায় তাঁদের সবার জাতীয়তা ভারতীয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করছিল ভারতের প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)।
আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করা উড়োজাহাজটির প্রধান পাইলট ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ। সহকারী পাইলটের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ এতে মোট সাতজন আরোহী ছিলেন।
মাঝ আকাশে উড়োজাহাজটির দরজা খুলে যাওয়ার পর পাইলটরা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। অবতরণের পর অসুস্থ নারীকে দ্রুত উড়োজাহাজ থেকে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে উড়োজাহাজটির দরজা কী কারণে খুলে গিয়েছিল, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। একইভাবে ওই নারীর মৃত্যুর কারণও নিশ্চিত হওয়া যায়নি।