
মধ্যপ্রাচ্যের ১২টি দেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য হামলা ও আঞ্চলিক সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় সোমবার (১৯ অক্টোবর) সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো একই ধরনের সতর্কবার্তা প্রকাশ করে।
সতর্কতার আওতায় থাকা দেশগুলো হলো ইসরাইল, সৌদি আরব, ইরাক, লেবানন, জর্ডান, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ইরান। ইউরো নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ঘিরে সামরিক উত্তেজনা আরও বাড়লে বিমান চলাচল ব্যাহত হতে পারে। এ পরিস্থিতিতে ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যাতায়াতে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি দ্রুত অবনতি হতে পারে বিবেচনায় মার্কিন নাগরিকদের বিকল্প ভ্রমণ পরিকল্পনা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া মার্কিন কর্তৃপক্ষ সতর্ক করেছে, ইরান ও দেশটির সমর্থনপুষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং মার্কিন নাগরিকদের সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।
সৌদি আরব ও কাতারে বিশেষ সতর্কতা
সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে জটিল হিসেবে বর্ণনা করেছে। দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী অতীতে সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব ঘটনায় হতাহতের পাশাপাশি ভ্রমণব্যবস্থায়ও গুরুতর বিঘ্ন ঘটেছে।
অন্যদিকে, কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের সরকারি নিরাপত্তা নির্দেশনা ও স্থানীয় সংবাদমাধ্যমের খবর নিয়মিত অনুসরণ করার আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস। পাশাপাশি বিক্ষোভ ও বড় ধরনের জনসমাগম এড়িয়ে চলা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।