.jpg)
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদযাপনের যাত্রাপথে তার গাড়িবহর লক্ষ্য করে একটি কাঁচের বোতল নিক্ষেপ করা হয়েছে। জেরুজালেমের মাহানে ইহুদা বাজারের কাছে ঘটে যাওয়া এই ঘটনায় নেতানিয়াহুর নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে ব্যারিকেড পার হয়ে অভিযুক্তকে খোঁজার চেষ্টা করেন। তবে বহরটি না থেমে তার গন্তব্যে চলে যায়।
দ্য জেরুজালেম পোস্টের তথ্যমতে, নেতানিয়াহু ও তার স্ত্রী সারা মাহানে ইহুদা বাজারে পৌঁছালে লিকুদ দলের সমর্থকেরা তাদের স্বাগত জানান। কিন্তু এর আগে তেল আবিবের হাতিকভা বাজারে এক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন তিনি। সেখানে হামাসকে অর্থায়ন সংক্রান্ত প্রশ্ন তুলে এক ব্যক্তি ভিডিও করতে গেলে লিকুদ সমর্থকেরা তার মোবাইল ফোন ফেলে দেয় এবং হাতাহাতিতে লিপ্ত হয়।
প্রতিবাদস্থলে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় নিহত ও জিম্মি হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। নিহত জিম্মি গায় ইলুজের বাবা মিশেল ইলুজ, কারমেল গেটের কাজিন গিল দিকমান এবং মাতান জাঙ্গাউকারের মা আইনাব জাঙ্গাউকার সেখানে উপস্থিত হয়ে ৭ অক্টোবরের নিরাপত্তার ব্যর্থতার দায় নিয়ে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেন।
আইনাব জাঙ্গাউকার অভিযোগ করেন, তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়েছে; তাদের লক্ষ্য করে থুথু ফেলা ও সবজি ছুড়ে মারা হয়েছে। পরবর্তীতে পুলিশ তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। জিম্মি অবস্থায় প্রাণ হারানো গায় ইলুজের বাবা মিশেল ইলুজ এই হামলার তীব্র নিন্দা জানান এবং আগামী নির্বাচনে সাধারণ জনগণকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
(সূত্র: ফার্স্ট পোস্ট)