
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ সরকারি ভবন নর্থ ব্লকের ছাদে আগুন লাগার ঘটনা ঘটেছে। মেরামতের কাজ চলার সময় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (২৬ অক্টোবর) পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ১১টা ১০ মিনিটের দিকে নর্থ ব্লক থেকে ঘন ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে জানা যায়, ভবনের ভেতরের অংশ ভাঙার কাজ চলছিল। একই সময়ে ছাদে শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থার একটি বয়লারে ঝালাইয়ের কাজ করার সময় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, নর্থ ব্লকের ছাদে স্থাপিত একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের বয়লারে আগুন লাগে। ঝালাইয়ের কাজ চলাকালে আকস্মিক শর্ট সার্কিটের কারণে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার সময় শিবসেনার নেতা ও রাজ্যসভার সংসদ সদস্য মিলিন্দ দেওরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, সংসদের দিকে যাওয়ার পথে তিনি নর্থ ব্লকের পেছন থেকে ঘন ধোঁয়া উঠতে দেখেছেন। একই বার্তায় ভবনটিতে থাকা সবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জরুরি সেবাকর্মীদের দ্রুত পৌঁছানোর প্রত্যাশা জানান।
নর্থ ব্লক ভারতের সেন্ট্রাল ভিস্তা প্রশাসনিক এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর একটি। ভবনটিতে দেশটির স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়সহ কেন্দ্রীয় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে।