
বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতের আহ্বান জানিয়ে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ। এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ, বিপক্ষে অবস্থান নিয়েছে ৩৩টি দেশ। আর ভোটদানে বিরত থাকা ১৬টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ।
প্রস্তাবটির বিরোধিতা করা ৩৩টি দেশের মধ্যে রয়েছে ভারত, বাহরাইন, চীন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র।
‘মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতকরণ’ শিরোনামের প্রস্তাবটি উত্থাপন করে মেক্সিকো। গত ১৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে প্রস্তাবটি অনুমোদন পায়।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের অধিকাংশ দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বিলুপ্ত করেছে অথবা এ ধরনের সাজার প্রয়োগ স্থগিত রেখেছে।
সংস্থাটি জানিয়েছে, অপরাধ দমন কিংবা অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের উল্লেখযোগ্য কোনো ভূমিকা নেই। একবিংশ শতাব্দীতে এ ধরনের সাজার কোনো স্থান নেই বলেও উল্লেখ করেছে জাতিসংঘ।