-6b004eaee192d.webp)
এশিয়া সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আগ্রহ থাকা সত্ত্বেও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে পারেননি তিনি। বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে আস্থার অভাব, পারমাণবিক অস্ত্র নিয়ে মতবিরোধ এবং রাশিয়া ও চীনের সঙ্গে পিয়ংইয়ংয়ের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এবার দুই নেতার সাক্ষাৎ হয়নি।
প্রথম মেয়াদে ট্রাম্প ও কিমের মধ্যে তিনবার বৈঠক হয়েছিল। তবে ২০১৯ সালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর প্রায় ৬০ ঘণ্টা ট্রেনে ভ্রমণ করে খালি হাতে দেশে ফিরতে হয় কিমকে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরও ট্রাম্প একাধিকবার কিমের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু পিয়ংইয়ং থেকে তাতে কোনো সাড়া মেলেনি।
এবারের এশিয়া সফরেও ট্রাম্প নিজের ব্যস্ততার কথা উল্লেখ করেছিলেন। অন্যদিকে, কিম এ বিষয়ে নীরব ছিলেন। তিনি বরং বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে স্কি রিসোর্ট, পেকতু পাহাড় এবং নৌবাহিনী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।
আস্থার সংকট ও পারমাণবিক অস্ত্র প্রসঙ্গে বিরোধ
কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম উল-চুলের মতে, দুই দেশের মধ্যে পর্দার আড়ালে কোনো কার্যকর কূটনৈতিক যোগাযোগ হয়নি। হ্যানয়ের বৈঠকের তিক্ত অভিজ্ঞতার পর যুক্তরাষ্ট্র সরকারের ওপর আর আস্থা রাখতে পারছেন না কিম।
ডংগুক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কো ইউ-হোয়ান বলেন, বিশেষ দূত পাঠানো কিংবা বৈঠকের প্রস্তুতি নেওয়ার মতো কোনো উদ্যোগ ছিল না। এমন পরিস্থিতিতে কেবল ট্রাম্পের রাজনৈতিক সাফল্যের ছবি তৈরির অংশ হওয়ার জন্য কিমের বৈঠকে বসার কোনো কারণ ছিল না।
বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বাস্তব পদক্ষেপ না নিলে পিয়ংইয়ং আলোচনায় আগ্রহী হবে না। অন্যদিকে, ওয়াশিংটন এখনো উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ত্যাগের দাবিতে অনড় রয়েছে।
রাশিয়া-চীনের ঘনিষ্ঠতায় কমেছে আলোচনার তাগিদ
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার কাছ থেকে সহায়তা পাওয়া, চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার হওয়া এবং হ্যাকিং ও ক্রিপ্টোকারেন্সি চুরির মাধ্যমে অর্থ সংগ্রহের সুযোগ উত্তর কোরিয়ার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা কমিয়ে দিয়েছে।
তবে উত্তর কোরিয়া অধ্যয়ন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট ইয়াং মু-জিন মনে করেন, ভবিষ্যতে ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠকের সম্ভাবনা একেবারে নাকচ করে দেওয়া যায় না।