
বিশ্বের তিন প্রভাবশালী নেতা—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নানা জল্পনা ও উদ্বেগ। ইউক্রেন ও তাইওয়ানের মতো গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ইস্যুতে সমঝোতার মাধ্যমে বিশ্বকে নিজেদের প্রভাববলয়ে ভাগ করে নেওয়ার কোনো পরিকল্পনা করছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ইউরোপ ও এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তাদের আশঙ্কা ছিল, তিন নেতা নিজেদের মধ্যে দরকষাকষির মাধ্যমে বিশ্ব রাজনীতির নতুন মানচিত্র তৈরির চেষ্টা করতে পারেন। তবে এখন পর্যন্ত তেমন কোনো কার্যকর কৌশলগত পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়নি।
তিন দেশের জাতীয় স্বার্থের মধ্যে পার্থক্য থাকায় আলোচনায় বড় বাধা তৈরি হয়েছে। এমনকি বৈশ্বিক জ্বালানি সরবরাহ বাড়ানোর অঙ্গীকারও বৃহস্পতিবার আন্তর্জাতিক জ্বালানি বাজারে উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলতে পারেনি।
বৈঠকে জাতিসংঘের সংস্কার, আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) দুর্বল করা এবং পারমাণবিক অস্ত্রের কারণে বিশ্ব ধ্বংসের ঝুঁকি এড়ানোর মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এসব বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত কিংবা কার্যকর পদক্ষেপের ঘোষণা আসেনি।
তারপরও এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত তিন নেতার এই বৈঠকের প্রতীকী গুরুত্ব ছিল অনেক বেশি। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্বের কাছে অনেকটা একঘরে হয়ে পড়া পুতিন এবার যুক্তরাষ্ট্র ও চীনের দুই শীর্ষ নেতার সঙ্গে একই টেবিলে বসার সুযোগ পেয়েছেন। অর্থনৈতিক অংশীদার, পারমাণবিক শক্তিধর দেশের নেতা এবং ট্রাম্পের ভাষায় ‘আমার বন্ধু’ হিসেবে তিনি পেয়েছেন বিশেষ মর্যাদা।
বড় শক্তিগুলোর আধিপত্য প্রতিষ্ঠার বার্তা
চীনের আধুনিক প্রযুক্তিনির্ভর শহর শেনজেনের একটি সরকারি ভবনে গোল টেবিলে বসেন তিন নেতা। বৈঠকের শুরুতে তাদের বক্তব্যে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের পরাশক্তিকেন্দ্রিক বিশ্বব্যবস্থার মনোভাব স্পষ্ট হয়ে ওঠে।
শি জিনপিং বলেন, বিশ্বে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার বিশেষ দায়িত্ব রয়েছে। অন্য দেশগুলোর সামনে এই তিন দেশের উদাহরণ তৈরি করা উচিত।
পুতিনও একই ধরনের বক্তব্য দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় এবং পরবর্তী সময়ে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব রয়েছে এই তিন দেশের।
অন্যদিকে ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতকে ‘বিপথগামী বৈশ্বিকতাবাদী সংস্থাগুলোর’ একটি বলে উল্লেখ করেন। তার মতে, এ ধরনের প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।
ট্রাম্প আরও বলেন, পুরোনো ধ্যানধারণা আঁকড়ে ধরে থাকা কিংবা আলোচনা এড়িয়ে চলার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয়নি। এ কারণেই তিন দেশের নেতাদের মধ্যে সরাসরি আলোচনা হওয়া জরুরি।
ছোট ও মাঝারি দেশগুলোর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
তিন নেতার বৈঠককে কেন্দ্র করে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে ছোট ও মাঝারি শক্তির দেশগুলোর মধ্যে। তাদের আশঙ্কা, বিশ্ব রাজনীতিতে বড় শক্তিগুলো নিজেদের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিলে অন্য দেশগুলোকে সেই সিদ্ধান্তের পরিণতি মেনে নিতে হতে পারে।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক জা ইয়ান চং বলেন, তিন নেতার মনোভাব অনেকটা এমন যে ছোট ও মাঝারি শক্তির দেশগুলোকে নিজেদের পছন্দমতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হবে না। বড় শক্তিগুলোই তাদের হয়ে সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত ভালো হোক কিংবা খারাপ, অন্যদের তা মেনে নিতে হবে।
এবারের এপেক সম্মেলনে মূলত এই দুই দৃষ্টিভঙ্গির সংঘাত স্পষ্ট হয়েছে। একদিকে বড় শক্তিগুলোর আধিপত্য বিস্তারের চেষ্টা, অন্যদিকে ছোট ও মাঝারি দেশগুলোর নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়ার আকাঙ্ক্ষা।
এ পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার তিন নেতার বৈঠকের আগে তাইওয়ান জানায়, রাশিয়ার দুটি সামরিক বিমান তাদের প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে। চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল।
গত ৪৮ ঘণ্টায় তিন নেতার উপস্থিতি এবং তাদের পারস্পরিক সৌহার্দ্যের বিভিন্ন ছবি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। বিমানবন্দরে ট্রাম্পকে বিরল আলিঙ্গনে স্বাগত জানান শি জিনপিং। এপেকের পারিবারিক ছবিতে চীনা প্রেসিডেন্টকে দেখা যায় ট্রাম্প ও পুতিনের মাঝখানে দাঁড়িয়ে থাকতে। এর পরই নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে বসেন তিন নেতা।
তবে সম্মেলনে অংশ নেওয়া অন্য দেশের নেতারা বিশ্বব্যবস্থা নিয়ে ভিন্ন অবস্থান তুলে ধরেছেন। তাদের বক্তব্য, বড় শক্তিগুলোর পারস্পরিক দ্বন্দ্বের কারণে ছোট দেশগুলোর স্বার্থ যেন উপেক্ষিত না হয়।
বৃহস্পতিবার এপেকের ২১টি অর্থনীতির প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এক বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইউক্রেন ও ইরান যুদ্ধের প্রসঙ্গ তোলেন। তার মতে, এই দুটি সংঘাত আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে।
পুতিনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনার যুদ্ধ বন্ধ করুন, এখনই বন্ধ করুন।’
মাঝারি শক্তির দেশগুলোর স্বার্থ রক্ষায় জোরালো বক্তব্য দেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদেশের বিভিন্ন দেশের সঙ্গে বহুমুখী অংশীদারত্ব গড়ে তুলতে হবে। এ জন্য নতুন বাণিজ্য চুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে সহযোগিতা এবং এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিশ্ব অর্থনীতিকে বিচ্ছিন্ন ও বিভক্ত করার ঝুঁকি সম্পর্কেও সতর্ক করেন তিনি।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেন, বিভিন্ন দেশের সঙ্গে উন্মুক্ত সম্পর্ক বজায় রাখা, যোগাযোগ বাড়ানো এবং সহযোগিতা জোরদারের মাধ্যমেই সংকট মোকাবিলার সক্ষমতা তৈরি করা সম্ভব।
মূলত বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার কারণে ছোট অর্থনীতির দেশগুলোর স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সম্মেলনে অংশ নেওয়া নেতারা সম্মিলিতভাবে নিজেদের অবস্থান তুলে ধরেন।
১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা
শেনজেনে অনুষ্ঠিত তিন নেতার বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করছেন অনেক বিশ্লেষক।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের তৎকালীন তিন নেতা ফ্রাঙ্কলিন রুজভেল্ট, উইনস্টন চার্চিল ও জোসেফ স্টালিন ইয়াল্টায় বৈঠকে বসেছিলেন। সেখানে নাৎসি জার্মানির পতন এবং যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনা করেন তারা।
ওই বৈঠকের মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে ‘বিগ থ্রি’ বা তিন বৃহৎ শক্তির বিশেষ প্রভাবের একটি চিত্র তৈরি হয়েছিল।
তবে বর্তমান পরিস্থিতি ১৯৪৫ সালের বাস্তবতার সঙ্গে মেলে না। ট্রাম্প, শি ও পুতিনের সামনে এখন এমন কোনো অভিন্ন শত্রু নেই, যার বিরুদ্ধে তারা একসঙ্গে কাজ করতে পারেন। একইভাবে তাদের মধ্যে অভিন্ন কোনো বড় প্রকল্পও নেই।
এ ছাড়া বর্তমান বিশ্বে ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি ছড়িয়ে পড়েছে। ইউক্রেনসহ বিভিন্ন দেশের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও আগের চেয়ে বেড়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে সংযোগকারী সেতুতে আবারও হামলা চালিয়েছে ইউক্রেন।
ইয়াল্টা সম্মেলনের পর পটসডাম সম্মেলনেও বড় শক্তিগুলোর মধ্যে দীর্ঘস্থায়ী সহযোগিতা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত স্নায়ুযুদ্ধ শুরু হয় এবং একসময়কার মিত্ররা পরস্পরের প্রতিপক্ষে পরিণত হয়।
তারপরও রাশিয়াকে আবারও বিশ্ব রাজনীতির শীর্ষ সারিতে ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা থেকে মস্কোয় বহু বছর ধরেই ‘নতুন ইয়াল্টা’ সম্মেলনের ধারণা আলোচিত হয়ে আসছে।
ব্লুমবার্গ ইকোনমিকসের জ্যেষ্ঠ বিশ্লেষক অ্যাডাম ফারার বলেন, তিন নেতার বৈঠক গণমাধ্যমে ব্যাপক আগ্রহ তৈরি করলেও বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দেওয়ার মতো উল্লেখযোগ্য কোনো সমঝোতা বা সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যায়নি।
তার ভাষায়, ‘এটি কোনোভাবেই ইয়াল্টা সম্মেলন ছিল না।’
চীনের তুলনায় পিছিয়ে রাশিয়ার অর্থনীতি, চাপে আছেন ট্রাম্পও
বিশ্ব রাজনীতিতে পুতিনের অবস্থান শক্তিশালী মনে হলেও অর্থনৈতিক বাস্তবতায় রাশিয়া চীনের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। রাশিয়ার অর্থনীতির আকার চীনের অর্থনীতির সাত ভাগের এক ভাগেরও কম। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির অর্থনৈতিক ব্যবধান আরও বেশি।
পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ইউরোপের সঙ্গে বাণিজ্য কমে যাওয়ার কারণে রাশিয়া ক্রমেই চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।
তবে তিন নেতার বৈঠকে অংশ নেওয়ার সুযোগকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন পুতিন। বুধবার এপেকের ব্যবসায়িক নেতাদের সামনে দেওয়া বক্তব্যে রাশিয়াকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার পশ্চিমা প্রচেষ্টাকে ‘ব্যর্থ’ বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, নানা চাপের মধ্যেও রাশিয়া আরও শক্তিশালী হয়ে উঠছে।
অন্যদিকে শি জিনপিংয়ের সামনেও বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে চীনের উচ্চক্ষমতাসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ পাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধ বেইজিংয়ের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ট্রাম্পের সঙ্গে বৈঠকে সৌহার্দ্যপূর্ণ আচরণ করলেও এসব চ্যালেঞ্জ মোকাবিলায় শি জিনপিংকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে এই বৈঠক তার জন্য রাজনৈতিক ঝুঁকিও তৈরি করতে পারে।
দেশটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা বিপর্যয়ের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করতে শুরু করেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়া ও চীনের নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক মার্কিন জনগণের একাংশের কাছে ভালোভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে।
বিশেষ করে চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের বিপর্যয়ের পর ট্রাম্পের রাজনৈতিক অবস্থান আরও চাপে পড়েছে। মেয়াদের শেষ দিকে থাকা একজন প্রেসিডেন্টের মতো দুর্বল অবস্থানে চলে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে তার জন্য।
তবে তিন নেতার প্রত্যেকেই মনে করছেন, দীর্ঘ মেয়াদে এই যোগাযোগ থেকে তাদের লাভবান হওয়ার সুযোগ রয়েছে। শি জিনপিংও ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের ত্রিপক্ষীয় বৈঠক নিয়মিত আয়োজন করা উচিত।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং ফুদান বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আমেরিকান স্টাডিজের পরিচালক উ সিনবো বলেন, তিন দেশ চাইলে বৈশ্বিক সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করতে পারে, নিজেদের মধ্যে ঐকমত্য তৈরি করতে পারে এবং সময়ের সঙ্গে অন্য দেশগুলোকেও সেই উদ্যোগে যুক্ত করতে পারে।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বা রাশিয়ার প্রেসিডেন্ট যিনিই হোন না কেন, জাতীয় স্বার্থের কারণেই এই তিন দেশের মধ্যে এ ধরনের যোগাযোগ প্রয়োজন। এটাই শেষ বৈঠক নয়।’