
ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় বিরোধী জোটের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। বামপন্থি ‘ডেমোক্রেটস পার্টি’ সরকার গঠনের দায়িত্ব পাওয়া নেতা গাদি আইজেনকটের দল ‘ইয়াশার’-এর সঙ্গে জোট গঠনের আলোচনা স্থগিত করেছে। গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলগুলোর মধ্যে জোট গঠনের চেষ্টা চলছিল।
বামপন্থি ডেমোক্রেটস পার্টির প্রধান ইয়ার গোলান অভিযোগ করেছেন, আইজেনকটের দল পরিবর্তনশীল সরকার গঠনের পরিবর্তে নেতানিয়াহুর ডানপন্থি দল ‘লিকুদ’ এবং অতি-রক্ষণশীল দলগুলোর সঙ্গে ‘ঐক্য সরকার’ গঠনের আলোচনা চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় আলোচনা স্থগিতের ঘোষণা দেয় ডেমোক্রেটস পার্টি।
আরব দলগুলোর সমর্থন নিয়ে দ্বিধা
ইয়ার গোলানের মতে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে হলে নির্বাচনে রেকর্ড ১৯টি আসন পাওয়া আরব দলগুলোর সঙ্গে জোট গঠন করা জরুরি। তবে বিরোধী জোটের আরেক গুরুত্বপূর্ণ শরিক ডানপন্থি ‘ইসরাইল বেইতেইনু’ দলের নেতা আভিগদর লিবারম্যান আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের ঘোর বিরোধী।
বামপন্থিদের সঙ্গে টানাপোড়েন চলার মধ্যেই মঙ্গলবার রাতে আভিগদর লিবারম্যানের দলের সঙ্গে জোট চুক্তি স্বাক্ষরের বিষয়ে একমত হয়েছেন আইজেনকট।
গতকাল বুধবার লিবারম্যান বলেছেন, তাঁর বিশ্বাস, আইজেনকট আগামী সপ্তাহের শেষ নাগাদ সুস্পষ্ট ইহুদি সংখ্যাগরিষ্ঠতাসহ একটি সরকার গঠন করতে পারবেন। ‘কান’ পাবলিক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
‘সুস্পষ্ট ইহুদি সংখ্যাগরিষ্ঠতা’ বলতে লিবারম্যান ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়। অর্থাৎ সম্ভাব্য জোট সরকারে আরব ‘রা’আম’ দলের অন্তর্ভুক্তি তিনি মেনে নেবেন কি না, সেটিও পরিষ্কার নয়। যদি তিনি তা মেনে নেন, তাহলে সেটি হবে তাঁর আগের অবস্থানের সম্পূর্ণ বিপরীত।
সাক্ষাৎকারে পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির কট্টরপন্থি চেয়ারম্যান লিবারম্যান আইজেনকটের দলের সঙ্গে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ‘লিকুদ’ দলের আলোচনার সমালোচনা করেন। তাঁর যুক্তি, এই পথে এগোনো উচিত নয়।
বুধবার দিনের পরবর্তী সময়ে দল দুটির মধ্যে চতুর্থ দফার আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে উভয় পক্ষের মধ্যে এখনো উল্লেখযোগ্য মতপার্থক্য রয়ে গেছে বলে জানা গেছে।
লিবারম্যান চান, আইজেনকটের জোট যেন লিকুদের সঙ্গে ঐক্য সরকার গঠন না করে। একইভাবে ‘রা’আম’ ও আরব সংখ্যাগরিষ্ঠ ‘জয়েন্ট লিস্ট’-এর মতো দলের বাইরের সমর্থনের ওপর নির্ভরশীল সংখ্যালঘু সরকারও যেন গঠন না করে। বরং তাঁর চাওয়া, আইজেনকটের জোট অতি-অর্থোডক্স ‘ইউনাইটেড তোরাহ জুদাইজম’ দলের সঙ্গে জোট গঠন করুক।