
ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় শিশুসহ ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। শুক্রবার (২৭ নভেম্বর) প্রাদেশিক রাজধানী তাইজের দক্ষিণে অবস্থিত আল-তুরবাহ শহরে এ হামলা চালানো হয়।
ইয়েমেনে হুথি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘাতের মধ্যেই নতুন করে এ হামলার ঘটনা ঘটল।
হামলায় ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন
হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদনে স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সৌদি বিমান হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নিহতদের মধ্যে ‘বেশির ভাগই’ শিশু।
প্রতিবেদন অনুযায়ী, হামলার পর উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।
হামলার বিষয়ে মন্তব্য করেনি সৌদি
তবে এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটও তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে, শুক্রবারের পরবর্তী সময়ে জোটের পক্ষ থেকে জানানো হয়, হুথিদের ছোড়া একটি ড্রোন সৌদি আরবের রিয়াদ অঞ্চলের দিকে যাওয়ার সময় সেটি ধ্বংস করা হয়েছে।
সূত্র: আল জাজিরা।