
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে সামরিক বাহিনীর বিপুল পরিমাণ সংবেদনশীল কৌশলগত তথ্য, জনবল এবং সরবরাহ ব্যবস্থাপনা-সংক্রান্ত তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে।
বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাতে শুক্রবার (২৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ক্লাউড ওয়ান নামের প্ল্যাটফর্মটিতে গত এক মাসের মধ্যে সিস্টেম উন্নয়নের কাজ চলাকালে অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই ব্যক্তি। তাদের ভাষ্য, ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো প্ল্যাটফর্মের কার্যক্রমে বিঘ্ন ঘটে।
তবে হ্যাকাররা কারা, তারা কতটা গভীরে অনুপ্রবেশ করেছে কিংবা কোনো তথ্য চুরি করেছে কি না, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
বিমানবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘নির্দিষ্ট নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তা পরিস্থিতি, দুর্বলতা বা কার্যক্রমের অবস্থা নিয়ে আমরা মন্তব্য করি না। বিমানবাহিনী বিভাগের তথ্য, সিস্টেম ও মিশন সক্ষমতা সুরক্ষায় আমরা ধারাবাহিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি।’
বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য ও ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম
২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ান প্ল্যাটফর্মের লক্ষ্য ছিল বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত প্রয়োজনীয়তা একটি জায়গা থেকে পূরণ করা। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেট—এই চারটি প্রতিষ্ঠানের সম্পদ একত্র করে প্ল্যাটফর্মটি পরিচালিত হয়।
জনবল ও বেতন ব্যবস্থাপনা, সরবরাহ এবং রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজের জন্য তৈরি অসংখ্য অ্যাপ্লিকেশন এ প্ল্যাটফর্মের আওতাভুক্ত।
এসব অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে বিমানবাহিনীর ক্লাউডভিত্তিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা। উত্তর আমেরিকার বিভিন্ন স্থান থেকে আকাশ প্রতিরক্ষা রাডারসহ নানা উৎসের তথ্য একত্র করে এ ব্যবস্থা।
এ ছাড়া রয়েছে থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশন সিস্টেম। বিশ্বের ২০০টির বেশি মার্কিন বিমানবাহিনীর অবস্থানে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব সংরক্ষণ করে এ ব্যবস্থা।
২০২৫ সাল পর্যন্ত ক্লাউড ওয়ানের প্রধান ঠিকাদার ছিল এসএআইসি। ওই বছর দায়িত্ব নেয় লেইডোস। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও এসএআইসি কোনো জবাব দেয়নি। লেইডোস প্রশ্নগুলো বিমানবাহিনীর কাছে পাঠিয়েছে।
সংশ্লিষ্ট দুই ব্যক্তির মতে, ক্লাউড ওয়ান মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি।
তাদের একজন বলেন, ‘এখানে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বড় ধরনের বিষয়।’
ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্তকারীরা মার্কিন সামরিক বাহিনীর সাইবার শাখা সাইবার কমান্ডকে যুক্ত করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একজন। এ বিষয়ে মন্তব্য চাওয়া হলেও সাইবার কমান্ড কোনো জবাব দেয়নি।
সফটওয়্যার হালনাগাদ ও অ্যাপ স্থানান্তর স্থগিত
হ্যাকিংয়ের ঘটনা শনাক্ত হওয়ার পর ক্লাউড ওয়ান প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কার্যক্রম ব্যাহত হয়েছে। সংশ্লিষ্ট দুই ব্যক্তি এবং এ বিষয়ে অবগত আরও একজন জানিয়েছেন, ক্লাউড ওয়ানে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত অ্যাপ্লিকেশন স্থানান্তরের উদ্যোগ আপাতত স্থগিত রাখা হয়েছে। সামরিক বাহিনীর দীর্ঘদিনের অগ্রাধিকার ছিল এ উদ্যোগ।
ক্লাউড ওয়ানে আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদও বন্ধ রাখা হয়েছে। এর ফলে প্রযুক্তি খাতে নতুন করে বেশ কয়েকটি গুরুতর সফটওয়্যার দুর্বলতার তথ্য প্রকাশিত হওয়ার সময়ও বিমানবাহিনীর সদস্যরা প্রয়োজনীয় ত্রুটি সংশোধন করতে পারছেন না।
সংশ্লিষ্ট পঞ্চম এক ব্যক্তি জানিয়েছেন, কিছু ব্যবহারকারীর প্রশাসনিক অধিকারও বাতিল করা হয়েছে।
পাঁচজনই নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সের সঙ্গে কথা বলেছেন।
এক সূত্রের তথ্য অনুযায়ী, সাইবার অনুপ্রবেশকারীরা একটি সফটওয়্যার দুর্বলতা কাজে লাগিয়ে কন্ট্রোল প্লেনে প্রবেশ করেছিল। ওই ব্যক্তি কন্ট্রোল প্লেনকে একটি সর্বজনীন রিমোট কন্ট্রোলের সঙ্গে তুলনা করেছেন।
তার ব্যাখ্যা অনুযায়ী, এ ব্যবস্থায় প্রবেশাধিকার পেলে অনুপ্রবেশকারীরা তাত্ত্বিকভাবে সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল পর্যবেক্ষণ করতে পারে। তবে এই ঘটনায় হ্যাকাররা এমন কিছু করেছে কি না, তা স্পষ্ট নয়।
হ্যাকাররা ঠিক কোন সফটওয়্যার দুর্বলতা কাজে লাগিয়েছে, তা শনাক্ত করতে পারেনি রয়টার্স।