
বাংলাদেশের আকাশে রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আজ রোববার থেকে ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাসের দিন গণনা শুরু হচ্ছে। সে অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভাতেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
১৪৪৮ সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়ে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় এবং বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটি।
এ ছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্যও সভায় পর্যালোচনা করা হয়। এসব তথ্যের ভিত্তিতেই রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় কমিটি।
‘ইয়াজদাহম’ শব্দের অর্থ কী
‘ইয়াজদাহম’ একটি ফার্সি শব্দ। এর অর্থ এগারো। আর ফাতেহা-ই-ইয়াজদাহম বলতে এগারো-এর ফাতিহা শরিফকে বোঝায়।
ইসলাম ধর্মের প্রচারক আব্দুল কাদের জিলানীর মৃত্যুর দিনকে কেন্দ্র করে ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হয়। প্রতি বছর ১১ রবিউস সানি এ উপলক্ষে ফাতেহা-ই-ইয়াজদাহম পালন করা হয়।