
মানুষের প্রকৃত সৌন্দর্য বাহ্যিক অবয়বে নয়; বরং অন্তরের পবিত্রতা, তাকওয়া ও উত্তম চরিত্রে। অন্তর পবিত্র হলে চিন্তা-চেতনায় সৌন্দর্য আসে, কাজে প্রকাশ পায় সততা এবং জীবনে প্রতিফলিত হয় মহান আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্য।
কিন্তু মানুষের অন্তরে কখনো অহংকার, হিংসা, লোভ, আত্মগর্ব ও প্রবৃত্তির কুপ্রবৃত্তি বাসা বাঁধে। এসব অনিষ্ট থেকে অন্তর ও নফসকে পবিত্র রাখতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন।
দোয়াটি হলো—
اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا
উচ্চারণ: আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, ওয়া যাক্কিহা, আনতা খাইরু মান যাক্কাহা, আনতা ওয়ালিইয়ুহা ওয়া মাওলাহা।
অর্থ: হে আল্লাহ! আমার নফসকে তাকওয়া দান করুন এবং তাকে পবিত্র করুন। আপনিই সর্বোত্তম পবিত্রকারী। আপনিই তার অভিভাবক ও প্রভু।
হাদিস: হজরত জায়েদ ইবনে আরকাম (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) নিয়মিত এই দোয়া পড়তেন। (সহিহ মুসলিম, হাদিস: ২৭২২)
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়াপূর্ণ জীবন যাপন, বিশুদ্ধ অন্তর ও পরিশুদ্ধ নফসের অধিকারী হওয়ার তাওফিক দান করুন। আমিন।