
অমর একুশে বইমেলার ১১তম দিনে রোববার (৮ মার্চ) নতুন বই এসেছে ৭৫টি। এদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলছে। বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় আসাদ চৌধুরী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন কুদরত-ই-হুদা।
সৈয়দ আজিজুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সৈকত হাবিব।
কুদরত-ই-হুদা বলেন, কবি আসাদ চৌধুরী দীর্ঘ ৮০ বছর পুরোদস্তুর একজন কবির জীবনযাপন করেছেন। তার কবিতায় সবসময়ই সক্রিয় থেকেছে বাংলাদেশ রাষ্ট্রের প্রতি অপরিসীম দরদ। তার যাপন আর কবিতার মধ্যে ছিল একটি খাঁটি পূর্ববঙ্গীয় ব্যাপার।
সৈকত হাবিব বলেন, আমাদের ভাষা ও সাহিত্যের অন্যতম বরেণ্য ব্যক্তিত্ব কবি আসাদ চৌধুরী। বাংলা সাহিত্য-সংস্কৃতিতে তার অবদান সুদূরপ্রসারী। তিনি ছিলেন একজন গণমানুষ, প্রেমিক ব্যক্তিত্ব।
সৈয়দ আজিজুল হক বলেন, কবিতার মধ্যদিয়ে বাঙালির ঐতিহ্যকে তুলে ধরার একটি প্রবণতা কবি আসাদ চৌধুরীর মধ্যে লক্ষ্য করা যায়। বিচিত্র বিষয়ে লেখার প্রবণতা ছিল তার।
লেখক বলছি অনুষ্ঠানে নিজের বই নিয়ে আলোচনা করেন কবি, গবেষক, সাংবাদিক মাহবুব হাসান। বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করা হয়।
সোমবার (৯ মার্চ) মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে শহীদুল্লা কায়সার শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
প্রবন্ধ উপস্থাপন করবেন শিবলী আজাদ। আলোচনায় অংশ নেবেন প্রশান্ত মৃধা। সভাপতিত্ব করবেন অধ্যাপক মোহাম্মদ আজম। বিকেল ৪টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সূত্র: বাসস