
সাংবাদিকদের জন্য দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়া পরিশোধসহ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।
সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, দ্রব্যমূল্য বেড়ে যাওয়া এবং জীবনযাত্রার ব্যয় বাড়ার কারণে সাংবাদিক সমাজ বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছে। সরকার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ালেও সাংবাদিকদের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে রয়েছেন সাংবাদিকরা। যে বেতন তারা পান, তা দিয়ে বর্তমান পরিস্থিতিতে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেন, ‘যেভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে, সেভাবে অবিলম্বে সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করতে হবে। আমরা আশা করছি, এই সরকার সাংবাদিকবান্ধব সরকারের পরিচয় দেবে।’
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, ‘দেশে এখন নির্বাচিত সরকার এসেছে। তাদের কাছে আমরা চাই, আপনারা সাংবাদিকদের পাশে দাঁড়াবেন। যেসব গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলোকে প্রণোদনা দিতে হবে। দশম ওয়েজ বোর্ড গঠন করে তা বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন না করলে সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।’
ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক খুরশীদ আলম। এতে আরও বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাবেক সভাপতি মোরসালিন নোমানীসহ অন্যরা।