.jpg)
দেশের বাজারে বড় ধরনের অস্থিরতার মধ্যে একই দিনে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবথেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আরও ৫ হাজার ৪২৩ টাকা কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন থেকে পড়বে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। আজ বিকাল ৩টা ৪৫ মিনিট থেকেই নতুন এই দাম সারা দেশে কার্যকর হয়েছে।
এর আগে আজ সোমবার সকালেই এক দফা দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ, দিনের ব্যবধানে দু’দফায় স্বর্ণের দাম প্রায় ১২ হাজার টাকার বেশি কমেছে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই দেশের বাজারে স্বর্ণের দামে চরম অস্থিরতা দেখা যাচ্ছে। মাত্র একদিন আগেই রবিবার (১ ফেব্রুয়ারি) রাতেও দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। এই নিয়ে চলতি বছর এ পর্যন্ত ২২ বার সোনার দাম সমন্বয় করা হলো।