
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১২ আসনে বেসরকারিভাবে বিজয় নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল আলম। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি ২২ হাজার ১৮০ ভোটের ব্যবধানে জয় লাভ করেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। ঘোষিত ফল অনুযায়ী, সাইফুল আলম পেয়েছেন ৫৩ হাজার ৭৭৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কোদাল প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। একই আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অর্জন করেছেন ২৯ হাজার ৮৬৯ ভোট।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, নির্ধারিত সময় শেষে প্রতিটি কেন্দ্রে ভোট গণনা শেষ করে ফলাফল সংগ্রহ ও সমন্বয়ের পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
ঢাকা-১২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৩২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৪৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৯৬৮ জন। প্রাপ্ত ভোটের হিসাবে বিজয়ী প্রার্থী মোট প্রদত্ত ভোটের উল্লেখযোগ্য অংশ নিজের পক্ষে নিতে সক্ষম হয়েছেন।