
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসীর ভোটদানে যেন ঈদ উৎসবের রঙ ছিল বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, ‘জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি।’
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফল প্রকাশনা অনুষ্ঠানের সমাপনী ঘোষণার সময় এই মন্তব্য করেন ইসি সানাউল্লাহ।
তিনি বলেন, ‘এ নির্বাচনের ফলে জাতি হিসেবে বিশ্ববাজারে মান-সম্মান ও ভাবমূর্তি বৃদ্ধি করবে। এ কারণে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। আমরা জনগণ ও সরকারের কাছে কৃতজ্ঞ।’
ইসি আরও যোগ করেন, ‘১৩ ফেব্রুয়ারির সকাল গণতন্ত্রের অগ্রযাত্রায় স্মরণীয় হয়ে থাকবে। আমাদের নির্মোহভাবে আইন প্রয়োগ করে নিরপেক্ষভাবে নির্বাচন করার অঙ্গীকার ছিল। সরকারের সহযোগিতায় সবার অংশগ্রহণে সেটি সম্ভব হয়েছে।’
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং নির্বাচন কমিশনের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।