
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সিনিয়র সচিব ড. নাসিমুল গণিকে মন্ত্রিপরিষদ সচিব পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়-এর চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমানে ড. নাসিমুল গণি সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এ কর্মরত ছিলেন। তাকে বদলি করে মন্ত্রিপরিষদ বিভাগ-এর মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনটি বাংলাদেশ সচিবালয়, ঢাকা থেকে জারি করা হয়।

প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০০৯ সালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তবর্তীকালীন সরকার তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।