
সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ও কোস্ট গার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ, দায়িত্বশীল ও অনন্য ভূমিকার কারণে জাতীয় নির্বাচন দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের ‘হল অব ইন্টেগ্রিটি’-তে পুলিশ অধিদপ্তর আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় স্বাগত বক্তব্য দেন আইজিপি বাহারুল আলম বিপিএম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি, র্যাব-এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান বিপিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) আওলাদ হোসেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে। তিনি জানান, বিশেষ কেবিনেট বৈঠকেও প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ যে সংকটময় পরিস্থিতিতে ছিল, সেখান থেকে সম্মিলিত প্রচেষ্টায় বাহিনীটি এখন সম্মানজনক অবস্থানে উন্নীত হয়েছে। এ অবস্থান আরও সুদৃঢ় করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বাহিনীতে সদস্য নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলেও দাবি করেন উপদেষ্টা। তিনি বলেন, এসব নিয়োগে কোনো ধরনের তদবির হয়নি এবং বিষয়টি তিনি হলফ করে বলতে পারেন।
এদিন উপদেষ্টা বিমানবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেন।