
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এবার সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন-এর সিনিয়র সচিব আখতার আহমেদ এবং সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে জাতীয় সংসদ ভবনের নির্ধারিত ‘শপথ কক্ষে’ অনুষ্ঠান শুরু হবে। বিপুল সংখ্যক সংসদ সদস্য হওয়ায় শপথ গ্রহণ অনুষ্ঠানটি কয়েক দফায় বা গ্রুপভিত্তিক অনুষ্ঠিত হতে পারে। শপথ পড়ানোর বিষয়ে ইতোমধ্যে সিইসিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে সংসদ সচিবালয়।
সাধারণত নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান বিদায়ী সংসদের স্পিকার। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর গত ২ সেপ্টেম্বর তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। অন্যদিকে, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে থাকায় তিনিও এ দায়িত্ব পালন করতে পারছেন না।
এমন পরিস্থিতিতে সংবিধানের ১৪৮(২ক) অনুচ্ছেদ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই বিধান অনুযায়ী, নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকার শপথ পড়াতে না পারলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। সেই আইনি বাধ্যবাধকতা অনুযায়ী সিইসি এ এম এম নাসির উদ্দিন এমপিদের শপথ পড়াবেন।
উল্লেখ্য, সংসদ সদস্যদের শপথের পর একই দিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।