
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তার আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন-এর মাধ্যমে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর সম্পন্ন করেছে। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এই অনুষ্ঠান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল, আজ সেই বিশ্বাস পূর্ণতা পেয়েছে। জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেলো, এনসিপিকে ধন্যবাদ এই মহতি কাজে অংশগ্রহণের জন্য।” তিনি আরও বলেন, “এই দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে প্রতিটি পদক্ষেপে সহায়তা করে, সেজন্য সবাই সচেতন থাকুন।”
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। আমরা একই সঙ্গে দুটি শপথ গ্রহণ করতে যাচ্ছি। দেশের মানুষ আমাদের ওপর যে আস্থা রেখেছে, আমরা তা বাস্তবায়ন করব।” তিনি আরও জানান, “যদিও জুলাই সনদে সবার শেষ স্বাক্ষর সম্পন্ন হয়েছে, বাস্তবায়নের জন্য এনসিপি সর্বোচ্চ তৎপরতা দেখিয়েছে।”
এনসিপির প্রতিনিধিদলে ছিলেন মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন এবং জহিরুল ইসলাম।
এনসিপির স্বাক্ষরের মাধ্যমে সংবিধান অনুসারে আগামী নতুন সংসদের সদস্যরা শপথ গ্রহণের যোগ্যতা অর্জন করেছেন।