
স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচনের তফসিল দ্রুতই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, আইনগত বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলেই এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।
সোমবার দুপুরে একান্ত আলাপচারিতায় তিনি জানান, পহেলা বৈশাখের আগেই ধাপে ধাপে প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সংরক্ষিত মহিলা আসন, রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচনসহ কিছু বিষয় সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলে উল্লেখ করেন তিনি।
ইসি আনোয়ারুল বলেন, “সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে আমাদের কাছে চিঠি এসেছে। কমিশনের সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।”
তিনি জানান, শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের অংশ হওয়ায় আপাতত তা বেশি গুরুত্ব পাচ্ছে। তবে এতে সিটি নির্বাচন বিলম্বিত হবে না বলে আশ্বাস দেন তিনি। ডিলিমিটেশন বা আইনগত জটিলতা থাকলে তা যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচন কমিশনার বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। একইভাবে সিটি করপোরেশন নির্বাচনও সুষ্ঠুভাবে আয়োজনের ব্যাপারে আমরা আশাবাদী।”
তিনি আরও জানান, ১৬ বছর ও তদূর্ধ্ব নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদান শুরু হয়েছে। তবে আইন অনুযায়ী ১৮ বছর পূর্ণ হলেই তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।