
বান্দরবানের রোয়াংছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তি জেএসএসের সদস্য বলে জানিয়েছে পুলিশ, তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মুরুং বাজার সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে একটি এসএমজি, দুটি ম্যাগাজিন, ১৪৩ রাউন্ড গুলি এবং একটি পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনী।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, ‘সেনাবাহিনী ও জেএসএসের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে জেএসএসের এক সদস্য গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে এ ঘটনার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।’
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির বিষয়ে আরও তথ্য সংগ্রহে কাজ করছে।