
রাজধানীতে ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এমন তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রোববার (১ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি। বৈঠকে রাজধানীর সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।
ত্রাণমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারযোগ্য খেলার মাঠ ও স্কুলগুলো চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন তারেক রহমান।
তিনি আরও বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মন্ত্রণালয়ের বর্তমান সক্ষমতা মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।