
পহেলা বৈশাখের মধ্যে কৃষিকার্ড বিতরণ শুরু করার আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ। বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
কী প্রক্রিয়ায় এই কার্ড বিতরণ শুরু হবে জানতে চাইলে আমিন উর রশীদ বলেন, “পাইলট প্রকল্প হিসেবে শুরু হবে। সারাদেশের ৯ উপজেলায় ৯ ইউনিয়নে প্রাথমিকভাবে শুরু করা হবে।” তিনি বলেন, “একেবারে প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছে এই সেবা যাবে। যারা উৎপাদনের সঙ্গে জড়িত, তারাই কৃষক হিসেবে বিবেচিত হবেন। উনারাই কৃষিকার্ড পাবেন। তাদের তথ্যও সরকারের কাছে থাকবে।”
কৃষকরা কি বিনামূল্যে সার ও বীজ পাবেন; এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “একেবারে প্রান্তিক কৃষকরা সার-বীজ পাওয়ার বিষয়ে কথা আছে। তবে আজকের মিটিংয়ে এ বিষয়ে কথা হয়নি।”
উল্লেখ্য, মৎস্য ও প্রণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়েরও মন্ত্রীর দায়িত্বে রয়েছেন আমিন উর রশীদ।