
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবের কারণে জ্বালানি সরবরাহকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের কাছে সহায়তার অনুরোধ জানিয়েছে। এমন তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (৪ মার্চ) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, "মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কায় বাংলাদেশ। জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের। যাতে কোন ডিজাস্টার নয় সে ব্যাপারে সরকার সচেষ্ট আছে।"
তিনি আরও জানান, সরকার ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তার আবেদন করেছে। এ বিষয়ে পল কাপুর মার্কিন প্রশাসনের আরও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিশ্চিত করবেন। তাছাড়া তিনি উল্লেখ করেন যে, যদি জ্বালানি সাশ্রয় করে ব্যবহার করা হয়, তবে ঈদের ছুটি পর্যন্ত বা মার্চ মাস শেষ পর্যন্ত দেশের প্রয়োজনীয় জ্বালানি মজুদ রাখা সম্ভব।
মন্ত্রী হঠাৎ করে দেশে ডিজেলের বিক্রি বেড়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরে বলেন, "বাংলাদেশের তেল ভারতে পাচার হচ্ছে। পাচার ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে।"