
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তনের চেয়ে তাদের মানসিকতায় পরিবর্তন আনার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা সরকারের প্রধান অগ্রাধিকার। বুধবার (৪ মার্চ) সকালে ডিএমপি সদর দফতর পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, “শুধু পোশাক বদলালে মানসিকতার পরিবর্তন হয় না। তাই এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।”
তিনি আরও জানান, সরকারের মূল লক্ষ্য হলো জনমনে শান্তি ফিরিয়ে আনা এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখা। তিনি জানান, খুব শিগ্রই রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, অতীতের মতো তাবেদারি নয়, পুলিশকে জনবান্ধন পুলিশে পরিণত করা হবে। এছাড়া যানজট কমাতে ব্যাটারি চালিত রিকশার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, “যারা অস্ত্রধারী ও দাগি আসামি, তাদের আইনের আওতায় আনা হবে।”
জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, “এটি জনগণের সরকার। আগের সরকারের সঙ্গে তুলনা না করে বর্তমান প্রশাসনের কার্যক্রম মূল্যায়ন করতে হবে। পুলিশ বাহিনী দেশ ও জাতির কল্যাণে প্রস্তুত রয়েছে এবং ব্যক্তিকেন্দ্রিক কোনো পুলিশিং চলবে না; পুলিশ আইনের গতিতেই চলবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদী রেজিমের কারণে কিছু মানুষ ভুক্তভোগী হয়েছেন। তবে বর্তমান সরকার চেইন অব কমান্ড মেনে প্রশাসন পরিচালনা করতে চায়। তিনি জোর দেন, কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করলে সেটি শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়বে।
রাজধানীর যানজট নিরসনের বিষয়ে তিনি জানান, ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণে কীভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিন্তা করতে বলা হয়েছে।
এছাড়া, হাদি হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।