
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ১৩৩টি অন্তর্বর্তীকালীন অধ্যাদেশের মধ্যে জুলাই বিপ্লব সংক্রান্ত চারটি অধ্যাদেশ নিয়ে সংসদীয় বিশেষ কমিটির সব সদস্য একমত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির মুলতবি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানিয়েছেন।
আইনমন্ত্রী বলেন, ‘আমরা এরইমধ্যে ১২০টি অধ্যাদেশ যাচাই-বাছাই সম্পন্ন করেছি। পর্যালোচনার ক্ষেত্রে জুলাই সনদ এবং দেশের সংবিধানকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হয়েছে। বিশেষ করে জুলাই সংক্রান্ত চারটি অধ্যাদেশের বিষয়ে কমিটির সবাই একমত হয়েছেন। অবশিষ্ট অধ্যাদেশগুলো নিয়ে আগামী ২৯ মার্চ পুনরায় আলোচনা করা হবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদের এই বিশেষ কমিটির বৈঠক বুধবার দুপুর ২টায় শুরু হয়। এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টায় প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। কমিটি গঠিত হয় ১৫ মার্চ, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে।
কমিটির প্রধান দায়িত্ব হলো অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে কোনগুলো স্থায়ী আইন হিসেবে বজায় থাকবে এবং কোনগুলো বাতিল হবে তা যাচাই করে সুপারিশ তৈরি করা। কমিটির সদস্যরা জানিয়েছেন, বাকি ১৩টি অধ্যাদেশের বিষয়ে ২৯ মার্চের বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত সুপারিশ প্রণয়ন করা হবে, যা পরে সংসদে উপস্থাপন করা হবে।