
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমান পোশাক নিয়ে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। সরকারের লক্ষ্য, পুলিশকে আবার ঐতিহ্যমণ্ডিত কোনো আগের পোশাকে সজ্জিত করা।
শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে আধুনিক সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে জনগণের কাছে সেবা নিশ্চিত করাই এ সরকারের লক্ষ্য।”
তিনি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক সংস্কারের অংশ হিসেবে রাষ্ট্র কাঠামোর সংস্কারের মধ্যে পুলিশের জন্য পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এর মাধ্যমে পুলিশ বাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে এবং অচিরেই এর সুফল জনগণ অনুভব করবে।
এই ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচে মোট ৭২ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) তাদের প্রশিক্ষণ শেষ করে সরকারি চাকরিতে যোগদান করবেন।