
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগে অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে স্থানীয় সরকার বিভাগে কর্মরত অতিরিক্ত সচিব মো. আকনুর রহমানকে।
রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দীর্ঘদিন শূন্য থাকা এ গুরুত্বপূর্ণ পদে পদায়নের মাধ্যমে প্রশাসনের ভেতরে চলমান অনিশ্চয়তার অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে।
কর্মজীবনে ড. আকনুর রহমান বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালন করেছেন। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্মসচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিচালক (যুগ্মসচিব), বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ), বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি সরকারি ক্রয় ব্যবস্থাপনা বিষয়ে স্বীকৃত জাতীয় প্রশিক্ষক হিসেবে পরিচিত।
ড. আকনুর রহমান যুক্তরাজ্যভিত্তিক চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাইয়ের (CIPS) সদস্য (MCIPS) এবং আন্তর্জাতিক মানদণ্ডে স্বীকৃত। ২০১৫–২০১৬ সালে যুক্তরাজ্য থেকে প্রফেশনাল ডিপ্লোমাসহ এমসিআইপিএস সনদ অর্জন করেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম ফার্ম (১৯৯৩), ইনস্টিটিউট অব ইকনোমিকস থেকে স্বাস্থ্য অর্থনীতি স্নাতকোত্তর ডিপ্লোমা (১৯৯৮), জাপানের গ্রিপস থেকে মাস্টার্স অব পাবলিক পলিসি (২০০৬), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে এমবিএ (২০১২) এবং ফার্মেসি অনুষদ থেকে পিএইচডি (২০২১) অর্জন করেছেন। তার গবেষণাপত্র জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি-অনুবিভাগ প্রশাসনের সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ শাখাগুলোর মধ্যে একটি। মন্ত্রণালয় ও মাঠ প্রশাসনের পদায়ন, পদোন্নতি, সচিব ও অতিরিক্ত সচিব নিয়োগ—সবকিছুর কেন্দ্রবিন্দু এ অনুবিভাগ। তবে শূন্য থাকার কারণে গত কয়েক মাস প্রশাসনে ‘নজিরবিহীন’ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং সচিব পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব দেখা যেত।
প্রশাসনিক মহলে জানা গেছে, বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের সময় অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন ও আমলাতান্ত্রিক বিভাজনের কারণে এ নিয়োগ আটকে ছিল। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে অন্য একজনকে এপিডি প্রধান করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।