
স্বাস্থ্য খাতে আর্থিক সংকটের চিত্র তুলে ধরে উন্নয়ন কার্যক্রম কার্যত থমকে যাওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদে ৭১ বিধিতে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সরকারের সময় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে এই খাতে উন্নয়ন কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্ত্রী উল্লেখ করেন, ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণ প্রকল্পগুলোতে পরিকল্পনার দুর্বলতা ও নকশাগত ত্রুটি ছিল প্রকট। উদাহরণ হিসেবে তিনি বলেন, অনেক হাসপাতালে প্রবেশপথের কাছেই বাথরুম স্থাপন করা হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য বড় ধরনের অসুবিধা সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, দ্রুত অর্থ আত্মসাতের উদ্দেশ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল, যার ফলে অবকাঠামোগত মান ও পরিকল্পনায় বড় ঘাটতি তৈরি হয়েছে।
বর্তমান পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে উন্নয়ন ব্যয়ের জন্য এখন কোনো অর্থ অবশিষ্ট নেই। এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জের মতো মৌলিক চিকিৎসা সামগ্রী কেনার অর্থেরও সংকট দেখা দিয়েছে।
তিনি জানান, এই সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। আগামী বাজেটের পর সীমিত সম্পদের মধ্য থেকেই ধাপে ধাপে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নয়ন উদ্যোগ নেওয়া হবে।
এ সময় তিনি আশ্বস্ত করেন, ধীরে ধীরে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাবে।