
সংসদে সংবিধান সংশোধন নয়, বরং সংস্কারের লক্ষ্যে এসেছি—বলে জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে নাহিদ ইসলাম বলেন, তিনি দীর্ঘ সময় ধরে কথা বলার সুযোগ চেয়ে আসছিলেন এবং আশা প্রকাশ করেন, ফ্লোর বরাদ্দের ক্ষেত্রে যেন কোনো বৈষম্য না করা হয়।
তিনি বলেন, ‘আজ বিরোধীদলীয় নেতা মূলতবি প্রস্তাব পেশ করেছেন। সে অনুযায়ী আপনার রুলিংও হয়েছে। সে বিষয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বক্তব্য ব্যাখ্যা করেছেন। সংক্ষিপ্ত সময় হলেও তো আমাদেরও কথা বলার সুযোগ দেওয়া উচিত।’
নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমান সংসদ গঠিত হয়েছে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে, যার ভিত্তি ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’।
তিনি অভিযোগ করেন, ‘আমাদের যে গণভোট হয়েছে, গণরায় হয়েছে, গণভোটের আদেশ ছিল, সে আদেশকে অমান্য করা হচ্ছে। যার ভিত্তিতে আমরা এখানে এসেছি সে আদেশকে অসাংবিধানিক বলারও চেষ্টা করা হয়েছে। এটি গ্রহণযোগ্য নয়।’