
সংসদের কার্যপ্রণালী নিয়ে কঠোর অবস্থান জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম দেওয়ার জায়গা রাজপথ, সংসদ নয়। এখানে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করার জন্যই তুলে ধরা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।
এর আগে, ভোলায় জামায়াতের নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনায় সংসদে নিন্দা জানান রফিকুল ইসলাম। তিনি অফিস সময়ের মধ্যেই মামলা প্রত্যাহার করে সাওদার মুক্তি দাবি করেন।
জবাবে স্পিকার বলেন, এটি কোনো পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে ভোলায় নিজ বাসা থেকে জামায়াতকর্মী সাওদা সুমিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ না জানানোয় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট রাজনৈতিক দল।