.png)
দীর্ঘদিন পর নিজ জন্মভূমিতে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এই খবরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে শুরু হয়েছে উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক প্রস্তুতি।
রোববার (১২ এপ্রিল) বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান গণমাধ্যমকে জানান, আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর বগুড়া সফরের সম্ভাবনা রয়েছে। যদিও এ সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।
তিনি জানান, সফরসূচি অনুযায়ী ওইদিন প্রধানমন্ত্রী বগুড়া জজকোর্টের একটি কার্যক্রমে অংশ নেবেন। পরে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে অবস্থিত তার পৈত্রিক বাড়ি পরিদর্শন করবেন।
জেলা প্রশাসক আরও বলেন, সফরের সময় প্রধানমন্ত্রী তার বাবার নামে প্রতিষ্ঠিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজে পরিবার কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া পৈত্রিক ভিটার পাশ দিয়ে প্রবাহিত একটি খাল খনন কাজের উদ্বোধন করার কথাও রয়েছে।
এ সফরকে সামনে রেখে প্রস্তুতি যাচাই করতে গত শুক্রবার প্রশাসনের একটি প্রতিনিধি দল বাগবাড়ী এলাকা পরিদর্শন করেছে।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে দীর্ঘদিন অবহেলিত বাগবাড়ী এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।