
অভিনয়ে খুব একটা নিয়মিত না থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে সবসময়ই থাকেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ব্যক্তিগত জীবন থেকে পেশাগত নানা প্রসঙ্গ—সবকিছু নিয়েই ভক্তদের আগ্রহের শেষ নেই।
বছরজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি কিংবা পণ্যের প্রচারে তাকে দেখা যায় নিয়মিত। পাশাপাশি সামাজিক মাধ্যমে নতুন নতুন রূপে ছবি প্রকাশ করে ভক্তদের মুগ্ধ করে চলেছেন তিনি। তবে কাজের বাইরেও তার ব্যক্তিগত জীবনই বেশি আলোচনার জন্ম দেয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন ও ক্যারিয়ারের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেন এই তারকা। সেখানে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন, ‘বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’
নতুন করে সংসার শুরু করার পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নে সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তেই এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই।’
সমালোচনা ও বিদ্রূপ নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেন অপু বিশ্বাস। তার ভাষ্য, এসব নেতিবাচক বিষয় তাকে বিচলিত করে না; বরং অনেক সময় তিনি এগুলো এড়িয়ে যান, কখনো কখনো উপভোগও করেন।
২০০৮ সালের ১৮ এপ্রিল জনপ্রিয় নায়ক শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে তিনি বিয়ের কথা প্রকাশ করেন। পরে ২০১৮ সালের ১২ মার্চ তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। এই দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে।
সাক্ষাৎকারে শুটিং সেটের অভিজ্ঞতাও তুলে ধরেন এই নায়িকা। আগের সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রিভিয়াসে একটু বেশি বাচ্চা ছিলাম। ক্যামেরার সামনে কী বলে ফেলতাম, কী করে ফেলতাম... কারণ ইমোশনের জন্য ক্যামেরা না। ক্যামেরা হচ্ছে পাবলিক ফেস করতে হয়।’
গত ঈদুল ফিতরে তার অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা প্রেক্ষাগৃহে আসেনি। তবে আসন্ন কোরবানির ঈদে তার নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পেতে পারে বলে আলোচনা রয়েছে, যদিও এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাননি তিনি।