
হজযাত্রীদের জন্য সুখবর দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত। তিনি জানিয়েছেন, আগামী হজ মৌসুমে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমানো সম্ভব হবে। সরকারের লক্ষ্য হজের সামগ্রিক ব্যয় কমিয়ে আনা, যাতে সাধারণ মানুষ সহজে এই ধর্মীয় ইবাদত পালন করতে পারেন।
সোমবার (১২ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে হজযাত্রীদের মধ্যে নুসুক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি লিড এজেন্সি আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে এবং সৌদি আরবের রাওয়াফ মিনা এজেন্সির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনা আরও উন্নত ও সুশৃঙ্খল করতে সরকার কাজ করছে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি হজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে দীর্ঘ বৈঠক করে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, কোনো হজ এজেন্সি যাত্রীদের সঠিকভাবে সেবা দিতে ব্যর্থ হলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। একইসঙ্গে হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, যারা দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নতুন সরকারের সময়ে এই প্রথমবারের মতো হজযাত্রীরা দেশেই বসে নুসুক কার্ড হাতে পাচ্ছেন, যা হজ ব্যবস্থাপনায় একটি বড় অগ্রগতি। ভবিষ্যতে এই ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদি আমিন বলেন, দেশে বসেই নুসুক কার্ড বিতরণ একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে হজ ব্যবস্থাপনা আরও সহজ ও ভোগান্তিমুক্ত হবে। তিনি জানান, সরকার হজের খরচ আরও কমানোর বিষয়ে কাজ করছে।
সংসদ সদস্য শামীম কায়সার বলেন, স্বল্প সময়ে প্রস্তুতি নিয়েও সরকার একটি সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে। অন্যদিকে হাব মহাসচিব ফরিদ আহমদ মজুমদার নুসুক কার্ডের গুরুত্ব তুলে ধরে বলেন, এই কার্ড ছাড়া হজের বিভিন্ন স্থানে প্রবেশ করা সম্ভব নয়।
অনুষ্ঠানে ১৪টি এজেন্সির মাধ্যমে হজে যাওয়া যাত্রীদের মধ্যে নুসুক কার্ড বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, দেশে বসেই এই কার্ড পাওয়ার ফলে হজযাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমে যাবে।