
অপতথ্য ও ভুল তথ্যের বিস্তার বর্তমান সময়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেছেন, এ ধরনের তথ্যের হাত থেকে সুরক্ষা পাওয়া এখন নাগরিক অধিকারে পরিণত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ অনুষ্ঠিত ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। “একসময় তথ্যপ্রবাহের বাধা বা প্রেস ফ্রিডম ছিল বড় চ্যালেঞ্জ, এখন চ্যালেঞ্জ হচ্ছে তথ্যের অপব্যবহার,”—বলেন তিনি।
তিনি আরও বলেন, মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশনের কারণে সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। তাই কেবল তথ্যপ্রবাহ বাড়ানোর দিকে নজর দিলে চলবে না, বরং সঠিক তথ্য নিশ্চিত করার দিকেও সমান গুরুত্ব দিতে হবে।
ডিজিটাল ইকোসিস্টেম উন্নয়নের বিষয়ে তিনি বলেন, একটি জনবান্ধব নীতি কাঠামো ও অবকাঠামোগত সংস্কার অত্যন্ত প্রয়োজন। নীতিগত সীমাবদ্ধতা ও প্রযুক্তিগত ঘাটতির কারণে দেশের ডিজিটাল খাত তার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারছে না বলেও উল্লেখ করেন তিনি।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহায়ক করনীতি প্রণয়নের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, সরকার, নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই খাতকে এগিয়ে নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সময়োপযোগী সংস্কার দ্রুত বাস্তবায়ন করা গেলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট উদ্যোক্তাদের কার্যক্রম আরও সহজ হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইসিটি বিশেষজ্ঞ এবং ব্রডব্যান্ড খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। তারা ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, ইন্টারনেটের গতি ও সেবার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপতথ্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগই পারে একটি নিরাপদ ও কার্যকর ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে।