
দিনের শুরুতেই আবহাওয়ার সতর্কবার্তা—দুপুরের মধ্যে দেশের তিন অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২০ এপ্রিল) ভোরে প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়ার সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করে বলা হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থান করছে, যা এ ধরনের আবহাওয়ার জন্য দায়ী।
এ ছাড়া পৃথক পূর্বাভাসে জানানো হয়, আজ সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে।