
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে গণমাধ্যম বর্তমানে স্বাধীনভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও সেই পরিবেশ বজায় থাকবে। সরকারের গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো উদ্দেশ্য নেই বলেও তিনি স্পষ্ট করেছেন।
সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।
সংলাপে এক সাংবাদিক ভয়হীন পরিবেশে কাজের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন করলে প্রতিমন্ত্রী বলেন, “আপনি কি এখনো ভয় পাচ্ছেন? অতীতে ভয়ের সংস্কৃতি থাকলেও এখন সে পরিস্থিতি নেই।”
তিনি দাবি করেন, গত কয়েক মাসেই গণমাধ্যমকর্মীরা বুঝতে পেরেছেন যে সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না এবং এমন কোনো পরিকল্পনাও নেই।
ইয়াসের খান চৌধুরী বলেন, অতীতে কীভাবে গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হয়েছে, তা সবারই জানা। তবে বর্তমান সরকার সে পথে হাঁটবে না। “গণমাধ্যম কোনোভাবেই নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না, এটি প্রধানমন্ত্রীর নীতি ও নির্দেশনা,” বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, দায়িত্ব পালনে তিনি সাংবাদিকদের সহযোগিতা, পরামর্শ এবং সমালোচনা চান। তিনি বলেন, “আমাদের ভুল হলে তা ধরিয়ে দেবেন, তবে এমনভাবে যেন জনগণের উপকার হয় এবং আমরা সংশোধনের সুযোগ পাই।”
তিনি জানান, সরকার অতীতের বিতর্কে না গিয়ে সামনে এগোতে চায়। একটি আধুনিক, সুশৃঙ্খল ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি অশ্লীলতা রোধ এবং নৈতিক মূল্যবোধ জোরদারে কাজ করা হবে।
অনুষ্ঠানে বিএসআরএফ সভাপতি মাসউদুল হক সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল সঞ্চালনা করেন। এতে প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলীও উপস্থিত ছিলেন।