
অপতথ্য ও ভুয়া তথ্যের বিস্তার রোধ এবং ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদারে ইউনেস্কোর সহযোগিতা চেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে এ খাতে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বর্তমান ডিজিটাল যুগে অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবিলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে কার্যকর একটি রোডম্যাপ প্রণয়নে ইউনেস্কোর জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার।
তিনি আরও জানান, গণমাধ্যম খাতের বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে কাজের সুযোগ রয়েছে এবং এ সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হতে পারে।
সাক্ষাতে ইউনেস্কোর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, অপতথ্য প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং সক্ষমতা বাড়াতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এ সময় ইউনেস্কোর পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাও উপস্থিত ছিলেন।