
বাংলাদেশিদের জন্য সাশ্রয়ী খরচে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ—এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের রিদম গ্রুপ এবং ভারতের ম্যানিপালস হসপিটালের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রণয় কুমার ভার্মা বলেন, ‘এদেশের চিকিৎসা খাতের সক্ষমতা বাড়াতে যৌথ উদ্যোগে আমরা কাজ করতে চাই। পাশাপাশি বাংলাদেশিদের জন্য মানসম্মত ও স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরও জানান, বাংলাদেশের চিকিৎসা পর্যটন খাতকে আরও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে এবং ভারতে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের আস্থা পুনরুদ্ধারে দুই দেশের বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।
এই উদ্যোগকে দুই দেশের স্বাস্থ্যখাত সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা।