
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে আহত মানুষের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে গত ৬ এপ্রিল রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী। এই অর্থ দিয়ে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। এসব সরঞ্জাম যুদ্ধে বিপর্যস্ত ইরানের মানুষের সহায়তার উদ্দেশে পাঠানো হচ্ছে। ইতোমধ্যে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে এই সহায়তা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে তা ইরানে পাঠানো হচ্ছে।
সহায়তা হস্তান্তরের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এই সংকটের অবসান হবে বলে আশা করে।
অন্যদিকে, সহায়তা গ্রহণকালে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণের সহমর্মিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান।