
ড. মুহাম্মদ ইউনূস এনসিপির কতিপয় তরুণের মাধ্যমে বিভ্রান্ত হয়েছেন এবং তাদেরকেই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
শনিবার (২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কড়া সমালোচনা করেন। প্রতিমন্ত্রী দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই সংগ্রামের প্রকৃত কারিগরদের চিনতে ভুল করেছেন।
‘ডিম থেকে বাচ্চা ফোটা’ দলকে তোয়াজ
বক্তব্য চলাকালীন প্রতিমন্ত্রী নুর অভিযোগ করেন যে, একটি অনিবন্ধিত দল হওয়া সত্ত্বেও এনসিপিকে নজিরবিহীনভাবে পৃষ্ঠপোষকতা করা হয়েছে। এমনকি রাষ্ট্রীয় যন্ত্রকে তাদের সুবিধা দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘বিএনপি, জামায়াত, এনসিপি সবসময় মিটিং করতো। এনসিপি একটা দল তখনও রেজিষ্ট্রেশন পায়নি, সে সময় ডিম থেকে বাচ্চা ফোটার মত অবস্থা তাদের। সেখানে এনসিপিকে জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন ড. ইউনুস। এনসিপি নীতিনির্ধারণ করতো এবং সরকারের পক্ষ থেকে ডিসি অফিসে, এসপি অফিসে নির্দেশনা দেওয়া হতো পৃষ্ঠপোষকতা করার জন্য।’
ইতিহাসের সাথে তুলনা
আন্দোলনের পেছনের কুশীলবদের শনাক্ত করতে ড. ইউনূস ব্যর্থ হয়েছেন বলে দাবি করেন নুর। এই প্রেক্ষাপটে তিনি দেশের ইতিহাসের একটি বিশেষ সময়ের উদাহরণ টেনে আনেন।
তিনি আরও বলেন, ‘শেখ মুজিবুর রহমান যেমন পাকিস্তান থেকে ফিরে জানার চেষ্টা করেননি মুক্তিযুদ্ধে কি হয়েছিল, ড. ইউনুসও তাই করেছে। তিনি বুঝতে চাননি এই সংগ্রামটা কিভাবে হয়েছে, কারা এই সংগ্রামকে সংগঠিত করেছে।’
প্রতিমন্ত্রী নুরের এই বক্তব্য বর্তমান রাজনৈতিক অঙ্গনে এবং আন্দোলনের কৃতিত্ব দাবি করা পক্ষগুলোর মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।