
দেশে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরাধিকারসূত্রে পেয়েছে, তবে ইতোমধ্যে পরিস্থিতির উন্নতি হয়েছে।
বুধবার (৬ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত সুসান রাইল-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, অনিয়মিত অভিবাসন, রোহিঙ্গা ইস্যু, পুলিশের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক আইনগত সহায়তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, “আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।” তিনি আরও উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর গত আড়াই মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বর্তমানে প্রায় এক লাখ বাংলাদেশি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী রয়েছে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন।
সাক্ষাতে মন্ত্রী জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে নতুন জনবল নিয়োগ ও প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়।
অনিয়মিত অভিবাসন রোধে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম এবং নিয়মিত অভিবাসন বৃদ্ধির উদ্যোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়।
রোহিঙ্গা ইস্যুতে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এই সংকট মোকাবিলা সম্ভব নয়। তিনি রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও অপরাধ দমনে চলমান কার্যক্রমের কথাও তুলে ধরেন।
বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।