
দেশের বিভিন্ন স্থানে বাড়তে থাকা গণপিটুনি ও সংঘবদ্ধ সহিংসতার ঘটনা নিয়ন্ত্রণে বিদ্যমান আইন পরিবর্তন কিংবা নতুন আইন প্রণয়নের চিন্তা করছে সরকার। পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বর্তমান আইনি কাঠামো দিয়ে সব ধরনের ‘মব’ পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করা যাচ্ছে না। প্রয়োজন হলে আইন সংস্কার বা নতুন আইন আনার উদ্যোগ নেয়া হবে।
রোববার (১০ মে) অনুষ্ঠিত পুলিশ সপ্তাহের এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রচলিত আইনের আওতায় ব্যবস্থা নেয়া হলেও পরিস্থিতি সামাল দিতে আরও কার্যকর আইনি কাঠামোর প্রয়োজন দেখা দিচ্ছে। তিনি জানান, সময় ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আইন পরিবর্তনের বিষয়টি সরকার বিবেচনায় রেখেছে।
সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় গণপিটুনি ও দলবদ্ধ হামলার ঘটনা নতুন করে আলোচনায় আসে। গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা এবং রাজধানীর বসুন্ধরা এলাকায় এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির পরও অনেক ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ উঠেছে।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসেই মব সহিংসতায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। গত বছর এ ধরনের ঘটনায় প্রাণ হারান প্রায় দুই শতাধিক মানুষ। বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিক আইনের আশ্রয় পাওয়ার অধিকারী এবং আদালতে অপরাধ প্রমাণের আগে কাউকে দোষী বলা যায় না। এছাড়া ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় বেআইনি সমাবেশ, দাঙ্গা, আঘাত ও হত্যার জন্য শাস্তির বিধান রয়েছে। তবু বাস্তবে গণপিটুনির প্রবণতা কমছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পুলিশের প্রশিক্ষণ সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা মনে করছেন, বর্তমানে থাকা আইন প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। তাই সময়ের চাহিদা অনুযায়ী আইন সংশোধন বা আলাদা আইনি কাঠামো নিয়ে ভাবা যেতে পারে। তবে কেউ কেউ নতুন আইন তৈরির বদলে বিদ্যমান আইন যুগোপযোগী করার ওপর গুরুত্ব দিয়েছেন।
পুলিশ সপ্তাহের আলোচনায় বাহিনীর কল্যাণসংক্রান্ত বিভিন্ন দাবিও উঠে আসে। পুলিশের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো, অতিরিক্ত দায়িত্ব পালনে ওভারটাইম ভাতা, তদন্ত কর্মকর্তাদের জন্য সুদমুক্ত মোটরসাইকেল ঋণ এবং জ্বালানি খরচ বহনের দাবি জানান কর্মকর্তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার আওতায় ওভারটাইম ভাতা চালুর বিষয়টি বিবেচনা করছে সরকার। একই সঙ্গে দীর্ঘদিন চাকরি করেও পদোন্নতি না পাওয়া সদস্যদের জন্য অবসরের আগে সম্মানসূচক পদোন্নতির ব্যবস্থাও করা হবে।
অনুষ্ঠানে অনলাইন জুয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট সাইবার অপরাধ ঠেকাতে কী ধরনের আইন প্রয়োজন, তা নির্ধারণে একটি বিশেষ কমিটি কাজ করছে। নতুন আইনি কাঠামো তৈরির ক্ষেত্রে অন্যান্য দেশের অভিজ্ঞতাও পর্যালোচনা করা হবে বলে জানান তিনি।