
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে আগামী পাঁচ দিন টানা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
রোববার (১০ মে) আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশের আকাশে মেঘের আনাগোনা বাড়বে এবং দেশজুড়ে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হবে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী সোমবার (১১ মে) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার (১২ মে) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
বুধবার (১৩ মে) দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে)ও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ওই দিনও দেশের উত্তরাঞ্চলসহ একাধিক এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঁচ দিনের এই সময়ের পর ধীরে ধীরে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত কমে এলেও উত্তরাঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কৃষক ও নৌযান চলাচলের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়মিত আবহাওয়ার আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হয়েছে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১৮ মিনিটে।