
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নেওয়া উচিত।
রোববার (১০ মে) তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে নওগাঁ, চট্টগ্রাম ও গাজীপুরে একাধিক হত্যাকাণ্ড ঘটেছে। তিনি বলেন, নওগাঁ জেলায় ৪ জন, চট্টগ্রামে ৩ জন এবং গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি প্রশ্ন তোলেন, এসব ঘটনা কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা, নাকি আইনের সঠিক প্রয়োগের অভাবে মানুষের হতাশা ও ক্ষোভের বহিঃপ্রকাশ?
বিনা বিচারে কোনো হত্যাকাণ্ডই সমর্থনযোগ্য নয় উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ জনগণের কাছে গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত দেশে আইনের শাসন প্রতিষ্ঠা কঠিন।
তিনি আরও বলেন, সব সমস্যার মূলেই রয়েছে সরকারের সদিচ্ছা ও কার্যকর উদ্যোগের অভাব। যথাযথ পদক্ষেপ নিলে সামাজিক সমস্যার সমাধান সম্ভব।
জামায়াত আমির বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত না করে কোনো উন্নয়ন কর্মসূচিই সফল হতে পারে না। তাই আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এরপর উন্নয়নের দিকে এগোতে হবে।