
বাংলাদেশ পুলিশের জন্য স্বতন্ত্র পে স্কেল চালুর দাবি আবারও জোরালোভাবে সামনে এসেছে। পাশাপাশি ঝুঁকিভাতা, ওভারটাইম বিল, সুদমুক্ত মোটরসাইকেল ঋণ এবং চাকরির শেষ পর্যায়ে অনারারি পদোন্নতিসহ একাধিক দাবি সরকারের কাছে তুলে ধরেছেন পুলিশ সদস্যরা।
রোববার (১০ মে) পুলিশ সপ্তাহের অনুষ্ঠান শেষে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত কল্যাণ প্যারেডে প্রধানমন্ত্রীর কাছে এসব দাবি উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, স্বতন্ত্র পে স্কেল পুলিশের দীর্ঘদিনের দাবি। তাদের মতে, বিচার বিভাগ ও সেনাবাহিনীর মতো পুলিশের জন্যও আলাদা বেতন কাঠামো থাকা উচিত, কারণ আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কল্যাণ প্যারেডে থানার উপপরিদর্শকদের (এসআই) জন্য মোটরসাইকেল কেনায় সুদমুক্ত ঋণ এবং জ্বালানি খরচ প্রদানের দাবিও জানানো হয়। পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, মামলার তদন্ত কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে যাতায়াত সুবিধা বাড়ানো জরুরি।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, তদন্ত ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান সুবিধা যথেষ্ট নয়। মোটরসাইকেল ও জ্বালানি সহায়তা পেলে মাঠ পর্যায়ের তদন্তকাজ আরও গতিশীল হবে।
এ ছাড়া ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের জন্য ঝুঁকিভাতা এবং অতিরিক্ত ডিউটির বিপরীতে ৫০ শতাংশ ওভারটাইম বিল দেওয়ার দাবিও উত্থাপন করা হয়েছে।
কল্যাণ প্যারেডে খুলনা মেট্রোপলিটন পুলিশের এক নারী কনস্টেবল চাকরিজীবনের শেষ পর্যায়ে অনারারি পদোন্নতির প্রস্তাব দেন। তিনি বলেন, অনেক পুলিশ সদস্য একই পদে অবসর নেন। সেনাবাহিনীর মতো পুলিশ সদস্যদেরও অবসরের আগে অন্তত এক ধাপ পদোন্নতি দেওয়া হলে তা মনোবল বাড়াবে।
পুলিশের বিভিন্ন ইউনিট, ব্যারাক ও থানা ভবনের উন্নয়ন প্রকল্পে নতুন করে বরাদ্দ চালুর দাবিও জানানো হয়েছে। কর্মকর্তাদের মতে, দীর্ঘদিন ধরে এসব অবকাঠামো উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ নেই।
পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভবিষ্যতে কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।